ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা ওমর সানী ও বাপ্পারাজ। একসঙ্গে তারা কাজ করেছেন বেশ ক’টি সিনেমায়। পর্দার বাইরেও সম্পর্কটা মধুর, তারা দীর্ঘদিনের বন্ধু। সেই বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে এবার বাপ্পারাজের এমন এক গুণের কথা জানালেন ওমর সানী, যে কারণে তাকে স্যালুট জানিয়েছেন এই চিত্রনায়ক।
গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বাপ্পারাজকে নিয়ে নানা স্মৃতির কথা তুলে ধরেন ওমর সানী। সেখানে বন্ধুকে ভালো মানুষ, ভালো বন্ধু এবং হাসিখুশি ও দুষ্টু স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন এই অভিনেতা।
একসঙ্গে অনেক সিনেমায় কাজ করার অভিজ্ঞতা জানিয়ে ওমর সানী লিখেছেন, নায়করাজ রাজ্জাকের সন্তান এবং নিজেও একজন ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও বাপ্পারাজের মধ্যে কখনো অহংকার দেখেননি তিনি। বরং কাজের প্রতি তার আন্তরিকতা মুগ্ধ করেছে ওমর সানীকে। বাপ্পারাজের ভাষায়, দিন শেষে কাজটাই আসল।
বন্ধুর দুষ্টুমির কথাও তুলে ধরেছেন ওমর সানী। মজার ছলে তিনি জানান, বাপ্পারাজ তখন যেমন দুষ্টুমি করতেন, এখনও তেমনই করেন। সেই সময়ে মোবাইল ফোনে ভিডিও করার সুযোগ থাকলে তাদের দুষ্টুমির দৃশ্য ভাইরাল হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।
তবে বাপ্পারাজকে স্যালুট জানানোর পেছনে রয়েছে বিশেষ একটি কারণ। ওমর সানী জানান, তার বন্ধুর কোনো বদ অভ্যাস নেই। বরং নিজেদেরই খারাপ অভ্যাস রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সানীর কথায়, আপনার কাছে বরং আমরা খারাপ।
পোস্টের শেষ দিকে নিজের প্রজন্মের অভিনেতা হিসেবে বাপ্পারাজকে নিয়ে গর্বের কথাও জানান ওমর সানী। বন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর মজার স্মৃতিতে তার এই পোস্টে উঠে এসেছে দুই তারকার দীর্ঘদিনের বন্ধুত্বের গল্প।
