ইসলাম নিয়ে অপব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নয়নমূলক কাজ করছে। এ অবস্থায় সরকারকে সহযোগিতা না করে রোড মার্চ-লংমার্চের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, মাদক ও সামাজিক অপকর্ম প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্য ধরে রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিএনপি নেতা ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমিসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।