সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় সৃষ্ট নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সিদ্ধান্ত অনুযায়ী, দাম্মামগামী ফ্লাইট ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এতে সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর আগে কয়েক দিন বন্ধ থাকার পর বুধবার এই রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা থেকে একটি ফ্লাইট দাম্মামের উদ্দেশে ছেড়ে যায়। ওই ফ্লাইটের ফিরতি যাত্রা তখনো চলমান ছিল। বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
তবে সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দাম্মাম রুটে পরবর্তী তিন দিনের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চলমান হামলার পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদ রুটের ফ্লাইট চলাচলও স্থগিত রাখা হয়েছে। আগে ২৫ অক্টোবর থেকে এই রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট চলবে না।
স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দাম্মাম ও রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত থাকলেও ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট, বিকল্প রুট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে বিমান।
বুধবার রাতে সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার ঘটনার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রাসূচিতেও।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে মোট ১৩৫টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী।
বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইট বাতিল বা স্থগিতের তালিকায় রয়েছে— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ২৩টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্স: ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স: ১৯টি ফ্লাইট, রিয়াদ এয়ারওয়েজ: ১০টি ফ্লাইট।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিল করেছিল। তবে এ বিষয়ে এয়ারলাইন্সটির পক্ষ থেকে নতুন কোনো হালনাগাদ তথ্য জানানো হয়নি।
ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে চলাচলকারী ট্রানজিট ফ্লাইটের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে, যা তালিকায় সর্বোচ্চ।
এ ছাড়া বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে রয়েছে— ইমিরেটস এয়ারলাইন্স: ১৪টি, কাতার এয়ারওয়েজ: ৯টি, ফ্লাই দুবাই: ৮টি, সালাম এয়ার: ৭টি, এয়ার ইন্ডিয়া: ৬টি, ইজিপ্ট এয়ার: ১টি।
সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হতে পারে। তাই ঢাকা থেকে দাম্মাম, রিয়াদ কিংবা অন্য কোনো আন্তর্জাতিক গন্তব্যে যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সর্বশেষ ঘোষণা যাচাই করা জরুরি।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
