স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা ও ৪ গ্রাম হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারের সংখ্যা সবচেয়ে বেশি মিরপুর বিভাগে। এ বিভাগে ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তিনজনকে গ্রেফতার করেছে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন ও দুই বোতল বিদেশি মদ। এ ছাড়া বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
