আজকাল ওয়েবডেস্ক: বিশিষ্ট বামপন্থী নেতা, প্রাক্তন সাংসদ তথা সিপিআই(এম)-এর প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতিতে তৈরি 'সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন' (SYF) তরুণ গবেষক ও পড়ুয়াদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল। দেশজুড়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রবন্ধের সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) আহ্বান করেছে এই সংস্থা। রচনার মূল বিষয় রাখা হয়েছে— ‘বর্তমান যুগে সাম্রাজ্যবাদ’ (ইম্পেরিয়ালিজম ইন দ্য প্রেজেন্ট এজ)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আগ্রহীরা তাঁদের সারসংক্ষেপ জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। জমা পড়া সমস্ত খসড়া থেকে একটি বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নের মাধ্যমে আটটি সেরা ভাবনাকে বেছে নেওয়া হবে। মনোনীত এই আটজন তরুণ লেখককে তাঁদের সারসংক্ষেপের ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ৩,০০০ শব্দের প্রবন্ধ লেখার সুযোগ দেওয়া হবে।
এখানেই শেষ নয়, নির্বাচিত পড়ুয়ারা আগামী ২২ নভেম্বর কলকাতায় সীতারাম ইয়েচুরির স্মরণসভায় একটি দিনব্যাপী অনুষ্ঠানে তাঁদের প্রবন্ধ উপস্থাপনা করবেন। ওই পড়ুয়াদের কলকাতায় যাতায়াতের খরচ এবং সেখানে থাকার সমস্ত বন্দোবস্ত করবে খোদ ফাউন্ডেশন। আগ্রহী ছাত্রছাত্রীদের syfessays@gmail.com এই ঠিকানায় তাঁদের সারসংক্ষেপ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। কোনও জিজ্ঞাসা বা অনুসন্ধানের ক্ষেত্রেও একই ইমেলে যোগাযোগ করতে বলা হয়েছে।
মূলত প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং তরুণ সমাজের মাঝে সেই চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়াই এই সংস্থার মূল লক্ষ্য। ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, যুবসমাজকে সামনে রেখে নানা ধরনের শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে সীতারাম ইয়েচুরির আদর্শ ও সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, এই ফাউন্ডেশনের সম্পাদক প্রখ্যাত সাংবাদিক তথা 'দ্য ওয়্যার'-এর সম্পাদক সীমা চিশতী। তরুণ প্রজন্মের ভাবনাকে জাতীয় স্তরে তুলে ধরার এই মঞ্চ ঘিরে ইতিমধ্যেই পড়ুয়া মহলে বেশ সাড়া পড়েছে।
