শিক্ষার্থীদের কেবল ভালো ফল অর্জনে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে বলীয়ান হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। জাতীয় বন্ধুজন পরিষদের উদ্যোগে ভোলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।
বৃহস্পতিবার ভোলা শহরের সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভোলার জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ মো. রাইসুল আলম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল জ্ঞান অর্জন করে ভালো শিক্ষার্থী হলেই চলবে না, দেশ ও জাতি গঠনের জন্য নৈতিকতাসম্পন্ন ভালো মানুষ হতে হবে। আমাদের সমাজে মেধাবী ও চৌকস মানুষের অভাব নেই, কিন্তু সৎ ও নিষ্ঠাবান ভালো মানুষের বড্ড অভাব। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে।
মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে অবশ্যই মাদকের ছোবল থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, মাদক কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, পুরো জাতিকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়।
সংবর্ধনা পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা জানায়, এই আয়োজন তাদের সামনের পথচলায় বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এই সংগঠন তাদের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
