অসংগতি পেলে নতুন সার ডিলার নিয়োগ বাতিল করা হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেন, ‘সার ও ডিলার নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছে। নতুন নিয়োগ পাওয়া ডিলারদের বিষয়ে তদন্ত করছেন গোয়েন্দারা। তদন্তে কোনো অসংগতি পেলে তা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করা হবে।’
আজ বুধবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লালমনিরহাট–২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, ‘ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশে প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমির উন্নয়নে কাজ শুরু হয়েছে। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে সংগীতচর্চার ক্লাসের ব্যবস্থা করা হবে। এ জন্য প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে সংগীতচর্চার সরঞ্জাম সরবরাহ করা হবে।’
রোকন উদ্দিন বাবুল বলেন, ‘খেলাধুলার জন্য মাঠ তথা স্টেডিয়াম দরকার। সে জন্য বর্তমান সরকার উপজেলায় একটি স্টেডিয়াম ও প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজ শুরু করেছে। ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হলে মাদকের মতো ভয়াল থাবা থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করা সম্ভব। সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।’
এ সময় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম সরকার জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
