ফাইনালে পারেনি বাংলাদেশ, অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালে ভারতের বিপক্ষে দারুণ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে সময়ের সাথে সাথে ভারতীয় খেলোয়াড়দের দক্ষতা ও শারীরিক সক্ষমতার সুযোগ নিয়ে বাংলাদেশের মেয়েদের হারিয়ে দিয়েছে ভারতের মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
ম্যাচের শুরুতে দারুণ করেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমে ভারতকে গোল দিয়ে প্রথম দশ মিনিটের মতো লিডও ধরে রেখেছিল বাংলাদেশ। এদিন ভারতের মেয়েদের কাছে গ্রুপপর্বের ম্যাচের মতো অসহায় আত্মসমর্পণ করেনি বাংলাদেশ।
প্রথমার্ধের প্রথম ২০ মিনিট বাংলাদেশ সমানতালে লড়লেও শেষ দশ মিনিট ভারতের দক্ষতার সাথে পেরে উঠেনি। ১৪-৯ ব্যবধান রেখে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
বিরতি থেকে ফিরে বাংলাদেশের মেয়েরা কিছুটা খেই হারিয়ে ফেলে। শুরুতেই তিনটি গোল হজম করে ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। বাংলাদেশের মেয়েরা বেশকিছু চেষ্টার পর নবম মিনিটে গিয়ে একটি গোল হলেও তা বাতিল হয়ে যায়।
বিরতির পর ভারত প্রায় প্রতিটি আক্রমণে গোল আদায় করেছে। তবে বাংলাদেশ আক্রমণ করলেও খুব বেশি গোল আদায় করতে পারেনি। বাংলাদেশের খেলোয়াড়দের শরীর দিয়েই আটকে দিয়েছে ভারতীয় দল। ভারতের ভাবনা এবং সুজাতা বেশি গোল করেছেন।
বিরতির পর বাংলাদেশ গোল করতে পারে সাতটি, বিপরীতে ভারত গোল করে আরও ১৪টি। পরে ২৮-১৬ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় অপরাজিত ভারত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
