সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও প্রশিক্ষক শাপলা বেগম।
আলোচনা সভায় বক্তব্য দেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) রিতু আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লতিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে মেয়েদের মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা ও মেধার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দিলারা আক্তার বলেন, “কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ দিলে তারাও বিশ্বজয় করতে পারে। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানে ফুলবাড়ী রিপোর্টার্স প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব হোসেন সরকার লিটুসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন appeared first on ভোরের চেতনা.
