দক্ষিণ ভারতের ৪০০ পরিবারের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচে সহায়তা দিতে ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামে একটি মানবিক উদ্যোগ চালু করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ উদ্যোগের কথা জানান তিনি।
রাশমিকা জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনি ৪০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন। প্রতিটি পরিবারকে তিন মাস করে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার খরচে সহায়তা দেওয়া হবে। আগামী এক বছর এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
অভিনেত্রীর আশা, এ সহায়তার ফলে পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার পেছনে যে অর্থ ব্যয় করত, তা সঞ্চয় করতে পারবে। পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোরও সুযোগ পাবে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রাশমিকা বলেন, অভিনীত চরিত্রগুলো অনেক সময় শিল্পীর ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে। তার আসন্ন সিনেমা ‘রানাবালি’র চরিত্র জয়াম্মার সঙ্গে নিজের কিছু মিল রয়েছে বলেও জানান তিনি। মানুষের জন্য কিছু করার মানসিকতাকে সেই মিলের একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন অভিনেত্রী।
রাশমিকা জানান, আগে থেকেই এ ধরনের কাজ করলেও তা প্রকাশ্যে আনতেন না। তবে এখন তার মনে হয়েছে, নিজের উদ্যোগের কথা জানালে অন্যরাও অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন।
তিনি বলেন, মানুষের প্রতি ছোট একটি সহানুভূতিশীল আচরণও কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এজন্য বড় কিছু করার অপেক্ষায় না থেকে ছোট পরিসর থেকেই ভালো কাজ শুরু করার আহ্বান জানান তিনি।
এ উদ্যোগের আবেগঘন দিক তুলে ধরে রাশমিকা আরও বলেন, কর্মজীবনে গত কয়েক বছরে তাকে নির্ঘুম রাত, চোট, সংগ্রাম, কষ্ট ও চোখের জলের মধ্য দিয়ে যেতে হয়েছে। মানুষের মুখে হাসি ফোটাতে পারার আনন্দ তার কাছে এসব অভিজ্ঞতার মূল্যকে সার্থক করে তোলে।
রাশমিকার এ উদ্যোগের কথা সামনে এসেছে তার আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে। ছবিটিতে নামভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা। রাশমিকা অভিনয় করেছেন জয়াম্মা চরিত্রে। বিয়ের পর এই প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে এই অভিনেতা-অভিনেত্রীকে।
১৮৭০-এর দশকের দক্ষিণ ভারতের পটভূমিতে নির্মিত সিনেমাটির কাহিনি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ মাদ্রাজ দুর্ভিক্ষ থেকে অনুপ্রাণিত। আইএমডিবির তথ্য অনুযায়ী, ছবিতে দুর্ভিক্ষের সময়কার এক বিদ্রোহী যোদ্ধার গল্প তুলে ধরা হয়েছে, যিনি নিজের অঞ্চল ও জনগণকে রক্ষা করতে ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন।
সিনেমাটিতে বিজয় অভিনয় করেছেন রানাবালি চরিত্রে। আর রাশমিকাকে দেখা যাবে তার স্ত্রী ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের সঙ্গী জয়াম্মার ভূমিকায়।
/অ
