রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৪০ কিলোমিটার।
ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই।
বিএনও নিউজের তথ্য অনুযায়ী, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুলবশত ৯ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের একটি আগাম সতর্কতা জারি করেছিল। এতে জাপানের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পনের পূর্বাভাস দেওয়া হয়। তবে সংস্থাটির নিজস্ব পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।
সতর্কবার্তায় উল্লেখ করা মাত্রার ভূমিকম্প বাস্তবে ঘটলে তা রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হতো।
কামচাতকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’-এর অংশ। এই বলয় প্রশান্ত মহাসাগরের চারপাশজুড়ে বিস্তৃত এবং এখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
গত বছরের জুলাইয়ে কামচাতকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায়।
সূত্র: এনডিটিভি
