ভারতের ‘জেন-জি’ আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ— নেহা বোরা
প্রতিবেশী দেশ ভারতে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের নেতৃত্বে চলমান জোরালো ‘জেন-জি’ আন্দোলনের সূচনা এবং মূল অনুপ্রেরণা এসেছে বাংলাদেশ থেকেই—এমনটাই মন্তব্য করেছেন অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভাপতি নেহা বোরা।
সম্প্রতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক সংহতি বার্তায় ভারতের ছাত্রনেত্রী উল্লেখ করেন, ভারতের বর্তমান তরুণ সমাজের আন্দোলনকে সঠিক পথ দেখাতে এবং স্বৈরাচারী ও নিপীড়ক ব্যবস্থার বিরুদ্ধে লড়তে বাংলাদেশের গণআন্দোলন বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
যেভাবে শুরু ভারতের ‘জেন-জি’ আন্দোলন
চলতি বছরের মাঝামাঝিতে ভারতে বেকারত্ব ও যুবসংকট তীব্র আকার ধারণ করে। গত ১৫ মে ভারতের এক বিচারপতির বিতর্কিত মন্তব্য ঘিরে তরুণদের মধ্যে অসন্তোষের বিস্ফোরণ ঘটে। এর প্রতিবাদে ১৬ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)।
আরো পড়ুন : ভারতে সিইসির পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ, যোগ দিল আলোচিত ‘ককরোচ পার্টি’
এরপর মেডিকেল ভর্তি পরীক্ষা (NEET)-এর প্রশ্নফাঁস এবং শিক্ষা খাতের চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে ৬ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে সরাসরি রাজপথে নেমে আসেন শিক্ষার্থীরা। ছাত্র-তরুণদের এই তীব্র আন্দোলনের মুখে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন।
পরবর্তীতে বেকারত্ব, নিম্নমানের শিক্ষাব্যবস্থা, নারী নিরাপত্তা এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতার দাবি জোরালো হয়ে উঠলে এই আন্দোলনটি পূর্ণাঙ্গ ‘জেন-জি’ আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে, যার অগ্রভাগে রয়েছে ককরোচ জনতা পার্টি (CJP) এবং অল ইন্ডিয়ান স্টুডেন্টস এসোসিয়েশন ( AISA) এর মতো ছাত্র সংগঠনগুলো।
