প্রকাশিত: ২৩:০৪, ১৭ অক্টোবর ২০২৬ আপডেট: ২৩:০৪, ১৭ অক্টোবর ২০২৬
২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার। তানজিদের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম দুই ওভারেই স্কোরবোর্ডে ১৬ রান যোগ করে টাইগাররা।
দ্রুত রান তুলছিলেন দুই ওপেনার। তবে ব্লেসিং মুজারাবানির গতির কাছে পরাস্ত হয়ে বেনেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। ১৭ বলে ৯ রান করে সৌম্য বিদায় নিলে ভাঙে তানজিদের সঙ্গে তাঁর ৩৯ বলে ৪৭ রানের উদ্বোধনী জুটি।
সৌম্যর বিদায়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে ব্যাট চালিয়ে যান তামিম। ৭ম ওভারেই দলীয় অর্ধশতক রান পূর্ণ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যক্তিগত অর্ধশতকেরও খুব কাছে ছিলেন তানজিদ। কিন্তু নিউম্যান ন্যামহুরির ওভারে দুই চার হাঁকিয়ে আত্নবিশ্বাসী তামিম আবারও বাউন্ডারি হাঁকাতে গিয়ে রায়ান বার্লের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তামিম। তার ব্যাটে আসে ৩৮ বলে ৪৬ রান। প্রথম পাওয়ারপ্লে শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৬৮ রান।
এর পরের ব্র্যাড ইভান্সের করা একাদশ ওভারের দ্বিতীয় বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন নাজমুল হোসেন শান্ত। ৮ বলে ৪ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এর আগে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ট্রাই-নেশন সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। শুরুতে চাপে পড়লেও ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের ব্যাটে ঘুরে দাঁড়ায় সিকান্দার রাজার দল।
আরভিনের ৯৩ ও টেলরের ৮১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৭২ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাসকিন আহমেদ। তিনি শিকার করেন তিনটি উইকেট। এ ছাড়া শরিফুল ইসলাম ও সাইফ হাসান দুটি করে এবং রিশাদ হোসেন একটি উইকেট নেন।
