বিশাল আকৃতির কুমড়া ফলিয়ে আবারও বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাজ্যের কৃষক ইয়ান প্যাটন। তাঁর ফলানো কুমড়াটির ওজন ২ হাজার ৮৫৬ দশমিক ৮ পাউন্ড (প্রায় ১ হাজার ২৯৬ কেজি)। এর মধ্য দিয়ে নিজের গড়া আগের বিশ্ব রেকর্ডও ভেঙেছেন ৬৫ বছর বয়সী এই কৃষক।
হ্যাম্পশায়ারের লিমিংটনের বাসিন্দা প্যাটন ৩ অক্টোবর তাঁর বিশালাকার কুমড়াটি নিয়ে যান বার্কশায়ারের ওয়ারগ্রেভ নার্সারিতে কুমড়া ওজন প্রতিযোগিতায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন কর্মকর্তার উপস্থিতিতে কুমড়াটির ওজন মাপা হয়। কুমড়াটির নাম রাখা হয়েছে ‘বাঘিরা’।
এর আগে ২০২৫ সালে প্যাটন ও তাঁর ভাই স্টুয়ার্ট মিলে ‘মাগল’ নামের একটি কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সেটির ওজন ছিল ২ হাজার ৮১৯ দশমিক ২৫ পাউন্ড (প্রায় ১ হাজার ২৭৯ কেজি)। এবার নিজেদের সেই রেকর্ডই ভেঙেছেন তাঁরা।
এত বড় কুমড়া ফলাতে বেশ পরিশ্রম করতে হয়েছে প্যাটনকে। তিনি জানান, প্রতিদিন ছয় ঘণ্টা পর্যন্ত কুমড়াটির পরিচর্যায় ব্যয় করেছেন। প্রতিদিন প্রায় ১৩০ গ্যালন বা ৪৯২ লিটার পানি দিতে হতো কুমড়াটিতে।

আগামী কয়েক সপ্তাহ কুমড়াটি সাউদাম্পটনের কাছে সানিফিল্ডস খামারে প্রদর্শনের জন্য রাখা হবে। এরপর সেটি গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহার করা হবে।
