ভোলার মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে ডাকবাংলো মোড় এলাকায় উপজেলা ওজোপাডিকো কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, দিনরাতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও গত কয়েক মাস ধরে মিলছে মাত্র এক ঘণ্টা। হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন বলেন, বিদ্যুতের অভাবে ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে রয়েছেন। তাই বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করেছেন তারা। উপজেলা আবাসিক প্রকৌশলী কেএম ফরিদুল ইসলাম বলেন, তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।