১৬১১১-এ ফোন, লঞ্চের অসুস্থ যাত্রীকে সহায়তা দিল কোস্ট গার্ড
মনির হোসেন
- আপডেট সময় : ১০:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ১৮ অক্টোবর রাতে ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-১৩’ লঞ্চটি চাঁদপুরের আনন্দবাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁর সঙ্গে থাকা ভাই কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল দল দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটে তাঁকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিএনজিচালিত অটোরিকশায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সব সময় নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
