জামালপুরের মাদারগঞ্জে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত সায়ের উদ্দিন ওই এলাকার নামাপাড়া গ্রামের মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বালিজুড়ী বাজারে হাফিজুর ক্রোকারিজের সামনে সড়ক পার হওয়ার সময় একটি চলন্ত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর কান ও মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
