Published on
:
2 min read
সারাবছর কাঁসার-পিতলের বাসনের কথা খুব একটা মনে থাকে না। দুর্গাপুজো শেষ হলেই সেগুলো একে একে বেরোয় আলমারি থেকে। সামনে যে লক্ষ্মীপুজো। কাঁসার-পিতলের বাসন ছাড়া চলবে না। কিন্তু অনেক দিন সেগুলো মাজা-ধোঁয়া হয়নি। কালো দাগও পড়েছে। পুজোর আগে সেগুলো ঝকঝকে করে তুলবেন কোন উপায়ে?
পিতলের বাসন
পুজোর বেশিরভাগ বাসনপত্র পিতলের হয়। অনেকের দেবমূর্তিও পিতলের হয়। এই সব পিতলের জিনিস গরম জলে ভিজিয়ে রাখুন। তাতে গুঁড়ো সাবান মিশিয়ে দিতে পারেন। মিনিট পনেরো পরে ওই বাসনগুলো জল থেকে তুলে পাকা তেঁতুল দিয়ে মেজে নিন। তারপরে আবার গরম জলে ধুয়ে নিন। শেষ ভালো করে মুছে নিন। দেখবেন, চকচক করছে পিতলের সমস্ত জিনিস।
কাঁসার বাসন
কাঁসার বাসন পরিষ্কার করুন পাতিলেবু আর নুন দিয়ে। কয়েক টুকরো পাতিলেবু নিন। বাসনে ভালো ভাবে নুন মাখিয়ে নিন। তারপরে লেবুর টুকরো দিয়ে ভালো করে ঘষে নিন। ওভাবেই সমস্ত বাসন মিনিট কুড়ি রেখে দিন। তারপরে ভালো করে ধুয়ে নিলেই হবে। এতেই চকচক করবে পুজোর বাসনপত্র।
তামার বাসন
পিতলের মতো তামার বাসনও তেঁতুল দিয়েই মাজতে হয়। এক কাপ জলে তেঁতুল ভিজিয়ে রাখুন। এটা দিয়ে পিতলের যাবতীয় পুজোর জিনিসপত্র ভালো করে মেজে নিন। ঝক্কি এড়াতে হলে তেঁতুল মাখিয়ে বাসনগুলো রেখেও দিতে পারেন। তারপরে শক্ত স্ক্রাবার দিয়ে মেজে নিলেই ঝকঝকে হয়ে উঠবে তামার বাসন।
রুপোর বাসন
রুপোর থালা-বাটির জেল্লা হারিয়ে গিয়েছে? পুজোর আগে ছাই দিয়ে মেজে নিতে পারেন রুপোর বাসন। যদি ছাই না পান, তা হলে টুথপেস্ট দিয়েও রুপোর বাসন মাজতে পারেন। বাসনের গায়ে টুথপেস্ট মাখিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে দিন, তারপরে একটি নরম সুতির কাপড় দিয়ে ঘষে নিন। শেষে জল দিয়ে ধুয়ে মুছে নিলেই হবে।
কাঠের বারকোশ
ফল কেটে কাঠের বারকোশে রাখবেন। তাই সেটাও ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার। কাঠের থালায় বেকিং সোডা ও লেবুর মাখিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে গরম জলে ধুয়ে নিন। তারপরে রোদে শুকিয়ে নিন। কাঠের বাসনে জল থাকলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
FAQ
১. পিতলের বাসন কী ভাবে পরিষ্কার করবেন?
উত্তর: গরম জলে ভিজিয়ে রেখে পাকা তেঁতুল দিয়ে ঘষে পরিষ্কার করুন।
২. কাঁসার বাসন মাজতে কী ব্যবহার করবেন?
উত্তর: পাতিলেবু ও নুন দিয়ে কাঁসার বাসন ঘষে পরিষ্কার করুন।
৩. তামার বাসনের কালো দাগ কী ভাবে তুলবেন?
উত্তর: জলে ভেজানো তেঁতুল দিয়ে তামার বাসন ঘষে পরিষ্কার করুন।
৪. রুপোর বাসন ঝকঝকে করার উপায় কী?
উত্তর: ছাই অথবা টুথপেস্ট দিয়ে নরম সুতির কাপড়ের সাহায্যে পরিষ্কার করুন।
৫. কাঠের বারকোশ কী ভাবে পরিষ্কার করবেন?
উত্তর: বেকিং সোডা ও লেবু মাখিয়ে রেখে পরিষ্কার করুন এবং ভালো করে রোদে শুকিয়ে নিন।
