বগুড়ার জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি বলেছেন, মায়েরা ও বোনেরা শিক্ষিত হলে পুরো জাতিকে শিক্ষিত করা সম্ভব। তাই নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বাদশা বলেন, নারী শিক্ষার প্রসার ও নারীদের সম্মানিত করতে বেগম খালেদা জিয়া মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের মধ্য দিয়েই একটি শিক্ষিত জাতি গঠন সম্ভব।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মাহবুব আলম।
প্রধান অতিথি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে নারীরা মন্ত্রী, সচিব, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সারা দেশে ৮০ হাজার নারী নার্স নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের বড় নেতারা বিদেশে অবস্থান করছেন, আর ছোট নেতারা কারাগারে রয়েছেন। অন্যদিকে, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দেশে অবস্থান করেছেন।
আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নয়নের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন রেজাউল করিম বাদশা। এ জন্য তিনি সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজকে সরকারি করার বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, কলেজটি সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন এবং বিএনপি নেতা মাহফুজার রহমান মাফু।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
