পাহাড়সম ব্যর্থতা আড়াল করতে সরকার বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ নিয়ে সরকার জনমত গঠনের চেষ্টাও করছে। নোট অব ডিসেন্ট নিয়ে সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে না জামায়াত।
রোববার (২৫ অক্টোবর) সকালে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, যেসব ক্ষেত্রে আমূল পরিবর্তন প্রয়োজন, সেসব ক্ষেত্রের প্রতিটিতেই বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। দলটি জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। নোট অব ডিসেন্ট নিয়ে সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে বিরোধী দল জনগণের সঙ্গে প্রতারণা করবে না। সংশোধন আদালতের মাধ্যমে যেকোনো সময় বাতিল হয়ে যেতে পারে।
সংশোধনের নামে মানুষকে ধোঁকা দেওয়ার পথ পরিহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। দায়িত্ব পালন করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করে সরে দাঁড়ানোর আহ্বানও জানান জামায়াত আমির।
তিনি আরও বলেন, লংমার্চ ঘিরে কোনো ষড়যন্ত্র করা যাবে না। এমন কিছু করা হলে ১৯৯৮ সালে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলা করে যেভাবে লংমার্চ করা হয়েছিল, এবারও কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করা হবে না।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জামায়াত পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছে সরকার এমন একটি বয়ান তৈরির চেষ্টা করছে। অথচ বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এখন সরকার আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করছে। যে সরকার মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও অস্ত্র ব্যবসা বন্ধ করতে পারে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
অন্যদিকে, আলোচনা সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে। সংস্কার পরিষদ ছাড়া সংবিধান পরিবর্তন বেআইনি বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপিকে বেআইনি পথ থেকে সরে আসার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বিশেষ কমিটির নামে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়, এমন অনেক বিষয় যুক্ত করার অপচেষ্টা চলছে।
এমএমটি
-20261025081644.jpg&w=1440&q=75)