মাছ ধরার নৌকা ব্যবহার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিসাইল, অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে আসছে বলে জানিয়েছে সৌদি সমর্থিত সামরিক জোট। তারা নৌকার মালিকদের হুথিদের সাহায্য না করার আহ্বান জানিয়েছে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) সৌদি জোটের জয়েন্ট ফোর্স কমান্ড এক বিবৃতিতে বলেছে, সমুদ্র দিয়ে চার রকমের নৌকা দিয়ে অস্ত্র চোরাচালান করা হচ্ছে।
জোটটি জানিয়েছে, এসব চোরাচালান সরাসরি ইয়েমেনের নিরাপত্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং ইয়েমেনের বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে।
তারা নৌকার মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই অস্ত্র চোরাচালানে আপনাদের নৌকা হুথি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেবেন না।
আরও পড়ুন
গত সপ্তাহে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, আঞ্চলিক পরাশক্তির কাছ থেকে হুথিরা আধুনিক অস্ত্রের প্রযুক্তি পেয়েছে।
সৌদি জোট অভিযোগ করেছে, হুথিরা এসব অস্ত্র ভূগর্ভস্থ অবকাঠামো, সুড়ঙ্গ এবং পাহাড়ি অঞ্চলে লুকিয়ে রাখছে এবং সেখান থেকে এগুলো ব্যবহার করছে।
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান হুথিদের যাত্রীবাহী বিমান, সাবমেরিন ও মাছ ধরার নৌকা দিয়ে অস্ত্র সরবরাহ করছে।
সূত্র: আল-আরাবিয়া
এমটিআই
