শাহরুখ খানের সঙ্গে পর্দায় দীপিকা পাড়ুকোনের জুটি মানেই বাড়তি আগ্রহ দর্শকদের। এবার নতুন ছবি ‘কিং’-এ আবারও একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। মূলত, সিনেমার একটি আইটেম গানে পর্দা ভাগ করে নেবেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর মুম্বাইয়ে ছবিটির একটি গানের শুটিং শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতারা। গানটির কোরিওগ্রাফির দায়িত্বে থাকার কথা রয়েছে বৈভবী মার্চেন্টের। তবে গানটির নাম, সুরকার কিংবা নাচের ধরন নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
শাহরুখ ও দীপিকার পর্দার রসায়ন অবশ্য নতুন নয়। ২০০৭ সালে ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন তারা। এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমায় অভিষেক হয় দীপিকার। এরপর ২০১৩ সালে রোহিত শেঠির ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৪ সালে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে জুটি বাঁধেন তারা।
আরও পড়ুন
২০২৩ সালে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ও অ্যাটলির ‘জওয়ান’ ছবিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। ‘জওয়ান’-এ বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় মুখ্য ভুমিকায় দেখা যাবে শাহরুখকে। আর ছবিটি নিয়ে এখন দর্শকদের আগ্রহ ব্যাপক। ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ, সুজয় ঘোষ, সুরেশ নায়ার ও সাগর পান্ডিয়া। এতে শাহরুখের মেয়ে সুহানা খানের প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে। আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এবার ছবির গানে শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটিই দেখার অপেক্ষা।
ডিএ
