বিয়ের শুরুতে সম্পর্ক থাকে নতুনত্ব ও ভালো লাগায় ভরা। কিন্তু সময়ের সঙ্গে দাম্পত্যে যুক্ত হয় দায়িত্ব, ব্যস্ততা, সন্তান, অর্থনৈতিক চাপ ও নানা বাস্তবতা। তাই বিয়ে মানেই সব সময় সুখে-শান্তিতে থাকা নয়; বরং একে অপরকে বুঝে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করা। দাম্পত্যজীবনের এমন ১২টি বাস্তবতা হলো -
১. দুজনেই বদলে যাবেন সময়, অভিজ্ঞতা ও পরিস্থিতির সঙ্গে মানুষের চিন্তা-ভাবনা বদলায়। তাই সঙ্গীকে নতুন করে বোঝার চেষ্টা করতে হবে।
২. সব সময় ভালো লাগবে না কখনো রাগ, বিরক্তি বা মতের অমিল থাকতেই পারে। এটি সম্পর্কের স্বাভাবিক অংশ।
৩. কিছু সমস্যা বারবার আসবে অর্থ, পরিবার, সন্তান বা দায়িত্ব নিয়ে একই ধরনের মতবিরোধ দেখা দিতে পারে। সমাধানের পাশাপাশি কীভাবে তা সামলানো যায়, সেটিও গুরুত্বপূর্ণ।
৪. একঘেয়েমি আসতে পারে প্রতিদিনের একই রুটিনে সম্পর্ক কিছুটা ফিকে লাগতে পারে। একসঙ্গে নতুন কিছু করা বা সময় কাটানো সেই একঘেয়েমি কমাতে সাহায্য করে।
৫. অন্তরঙ্গতা শুধু শারীরিক নয় মনের কথা বলা, সঙ্গীর কথা মন দিয়ে শোনা এবং নিরাপদ অনুভব করাও দাম্পত্যের ঘনিষ্ঠতার অংশ।
৬. কঠিন সময় আসবেই অসুস্থতা, আর্থিক চাপ বা পারিবারিক সমস্যা যেকোনো সময় আসতে পারে। তখন একে অপরকে দোষারোপ না করে দল হিসেবে পরিস্থিতি মোকাবিলা করা দরকার।
৭. সংসারের সব কাজ সব সময় সমান হবে না কখনো একজনকে বেশি দায়িত্ব নিতে হতে পারে। তবে বিষয়টি নিয়ে নীরবে কষ্ট না পেয়ে খোলামেলা আলোচনা করা জরুরি।
৮. ভালো সম্পর্কেও ঝগড়া হয় মতবিরোধ থাকা অস্বাভাবিক নয়। তবে চিৎকার, অপমান বা ব্যক্তিগত আক্রমণের বদলে সম্মান বজায় রেখে কথা বলা উচিত।
৯. সমঝোতা করতে হয় দুজনের চাহিদা সব সময় এক হবে না। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে কখনো ছাড় দিতে হয়, আবার কখনো নিজের সীমারেখাও স্পষ্ট করতে হয়।
১০. বিয়ে সমস্যার সমাপ্তি নয় বিয়ের পর নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ শুরু হয়। বাস্তবতা সম্পর্কে ধারণা থাকলে দাম্পত্যের ওঠানামা সামলানো সহজ হয়।
১১. রোমান্স ধরে রাখতে চেষ্টা দরকার ব্যস্ততার কারণে ভালোবাসা প্রকাশ কমে যেতে পারে। ছোট্ট প্রশংসা, একসঙ্গে সময় কাটানো বা সঙ্গীর পছন্দের কাজে পাশে দাঁড়ানো সম্পর্ককে ভালো রাখে।
১২. ভালোবাসার ধরন বদলে যায় সময় গড়ালে ভালোবাসায় যুক্ত হয় বন্ধুত্ব, আস্থা ও নির্ভরতা। তবে এর সঙ্গে পারস্পরিক সম্মান থাকাও জরুরি।
দাম্পত্যে মতবিরোধ বা একঘেয়েমি স্বাভাবিক হলেও অপমান, ভয় দেখানো, জোরজবরদস্তি কিংবা নির্যাতন কোনোভাবেই স্বাভাবিক নয়। দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসার পাশাপাশি যোগাযোগ, সম্মান, বিশ্বাস ও একে অপরের পাশে থাকার মানসিকতা।
