যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক জেলায় একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর জেলার রীডসবার্গ শহরের কাছে ডেলোনা টাউনের একটি ঘন বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সাউক জেলা শেরিফের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিমান বিধ্বস্ত হওয়ার সংবাদ পেয়ে শেরিফের ডেপুটি ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
উদ্ধারকারীরা জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু ছিল এবং তল্লাশি চালিয়ে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে ফিরছিল। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি একটি পাইপার পিএ-৪৬ মডেলের বিমান ছিল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্যানুযায়ী, ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট আকাশে বরফ জমার (আইসিং) কথা জানিয়ে নিচে নামার অনুমতি চান। অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি ডান দিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে নামার গতি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার নেপথ্যে আবহাওয়া বা অন্য কোনো কারণ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে এফএএ এবং এনটিএসবি যৌথভাবে তদন্ত শুরু করেছে।
