দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি টানা ৯ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের চলাচলে কোনো বিঘ্ন হবে না।
বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠিতে ছুটির সময়সূচি জানানো হয়েছে। সে অনুযায়ী, ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটিতে পণ্য পরিবহন বন্ধ থাকবে। এ ছাড়া বাংলাদেশের সরকারি ছুটি থাকায় ১৬ অক্টোবরও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
২৫ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে বন্দরের কার্যক্রম আবার চালু হবে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটি কার্যকর হচ্ছে। ছুটির সময়ে বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশন বন্ধ থাকায় দুই দেশের বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে, বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
