হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্কের পরিবারে আসছে নতুন অতিথি। ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন ‘মিলিয়ন ডলার বেবি’খ্যাত এই অভিনেত্রী। ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী ফিলিপ স্নাইডার ও যমজ সন্তানদের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, অন্ধকারে শরীরে আলোকোজ্জ্বল স্টিক লাগিয়ে নাচছেন হিলারি, তাঁর স্বামী ও যমজ সন্তান আয়াহ এবং ওম। একপর্যায়ে হিলারির বেবি বাম্পে আলোর সাহায্যে অনাগত সন্তানের অবয়ব ফুটিয়ে তোলা হয়।
ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অনেকেই জানতে চাইছিলেন, আমার পরবর্তী প্রজেক্ট কী। এটি ডিসেম্বরে আসছে।’ তাঁর এই মজার বার্তাকে অনাগত সন্তানের আগমনের ইঙ্গিত হিসেবে দেখছেন ভক্তরা। তবে সন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে জানাননি তিনি।
২০১৮ সালে ব্যবসায়ী ফিলিপ স্নাইডারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিলারি। ২০২৩ সালের এপ্রিলে ৪৮ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। দীর্ঘদিন অভিনয়জগতে সাফল্যের পর মাতৃত্বের স্বাদ পাওয়ার অভিজ্ঞতা নিয়ে আগেও কথা বলেছেন তিনি।
এর আগে ৩৭ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন হিলারি। পরে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, জীবনের সঠিক সময়ে মা হতে পারা তাঁর কাছে বিশেষ প্রাপ্তি।
‘বয়েজ ডোন্ট ক্রাই’ ও ‘মিলিয়ন ডলার বেবি’ সিনেমায় অভিনয়ের জন্য দুটি অস্কার জিতেছেন হিলারি সোয়াঙ্ক। এবার তাঁর পরিবারে তৃতীয় সন্তানের আগমনের খবরে আনন্দিত ভক্ত-অনুরাগীরা।
