কালবেলা · সাধারণ
ফারুক তাহেরের সঙ্গে ৪ খুদে শিল্পী, আবৃত্তিতে বিমুগ্ধ দর্শক-শ্রোতারা
২৫/১০/২০২৬

চট্টগ্রামে প্রমিতি সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভিন্ন মাত্রিক আবৃত্তি সন্ধ্যা। অনুষ্ঠানে বরেণ্য আবৃত্তি শিল্পী ফারুক তাহেরের সঙ্গে একই মঞ্চে আবৃত্তি করেন চার ক্ষুদে আবৃত্তিশিল্পী।
‘মুক্ত করো ভয়’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূইয়া বলেন, দেশে প্রকৃত সংস্কৃতির চর্চা ও এর বিকাশের সুযোগ না ঘটলে, সমাজে প্রকৃত মানুষের জন্ম হবে না। তাই প্রত্যেক অভিভাবকের উচিত শৈশবেই তাদের সন্তানদের আবৃত্তি, সংগীত, নাটক, নৃত্য ও বিতর্কের মতো সুকুমার বৃত্তির সঙ্গে সংযোগ ঘটানো।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয় এ আবৃত্তি সন্ধ্যা। অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঙ্গে একই মঞ্চে আবৃত্তি করেন প্রমিতির সদস্য অদ্রি দে, অয়ন দে, উচ্চারক শিশু কুঞ্জের সদস্য অনিরুদ্ধ বিশ্বাস ও তারুণ্যের উচ্ছ্বাসের প্রযুক্তি দাশ।
তারা প্রত্যেকে তিনটি করে একক আবৃত্তি পরিবেশন করে ভয়কে জয় করার সাহস দেখিয়েছে। অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী ফারুক তাহের পরিবেশন করেন ৫টি কবিতা। তাদের প্রত্যেকের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমুগ্ধ করেছে।
প্রমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাজু মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী ও শিক্ষক অঞ্চল চৌধুরী।
তিনি বলেন, আমরা সন্তানের পিতা-মাতারা এখন সবাই এ প্লাসের পেছনে ছুটছি। সন্তানরা প্রকৃত মানুষ হচ্ছে কিনা সেই শিক্ষা দিচ্ছি না। ফলে সাংস্কৃতিক শিক্ষা বিবর্জিত এ প্লাস প্রাপ্তরা বড়ো হয়ে আপন মা-বাবারই দায়িত্ব নিচ্ছে না। ফলে এই সমাজ দিন দিন অন্ধকারের দিকে যাচ্ছে।
অনুষ্ঠানে ‘মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়’ এ সংগীতটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন প্রমিতি সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা।
মূল প্রতিবেদনে যান ↗