‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মহড়া পরিচালনা করেন দৌলতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। মহড়ায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগকালীন প্রস্তুতি, ভূমিকম্পের সময় দ্রুত আত্মরক্ষা, অগ্নিনির্বাপণ এবং আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কৌশল বাস্তবে প্রদর্শন করা হয়। চমকপ্রদ এ মহড়া দেখতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্মিঙ্কা।
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সিলভিয়া স্মিঙ্কা বলেন, দুর্যোগের মুহূর্তে আতঙ্কিত না হয়ে পূর্বপ্রস্তুতি ও সঠিক নিয়ম মেনে চলাই জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে। দুর্যোগ সহনশীল সমাজ গঠনে বিদ্যালয় স্তর থেকেই সচেতনতামূলক প্রশিক্ষণ জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
জেএইচআর
