পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের আলেম মাওলানা নাসরুল্লাহ বদর। শনিবার দুপুরে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
নিহত মাওলানা নাসরুল্লাহ বদর ঢাকার কামরাঙ্গীরচরের রবিউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয়। তার বাবা হাফেজ মোহাম্মদ উল্লাহ ‘ইসলামিয়া আরাবিয়া ফয়জুল উলুম সিঙ্গরিয়া মাদ্রাসা’র সদরে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাসরুল্লাহ বদরের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে। বদরপুরের পরিচিত ‘ওলামা বাড়ি’ হিসেবে তাঁর বাড়িটি স্থানীয়ভাবে পরিচিত।
পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা নাসরুল্লাহ বদর দুই ছেলে ও এক মেয়ের জনক। তাঁর বড় সন্তানের বয়স সাত বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র দুই বছর।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া পোস্টগুলো থেকে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে রিয়াদগামী বিমানে স্বপ্নের গন্তব্যের উদ্দেশে রওনা হন তিনি। বিমানে বসেই ইহরাম পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন।
রিয়াদ বিমানবন্দরে নিরাপদে পৌঁছানোর পর ফেসবুকে একটি পোস্টে ‘আলহামদুলিল্লাহ’ লিখে সফর যেন নির্বিঘ্ন হয়, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।
কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে ঘটে মর্মান্তিক ঘটনা। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে যাওয়ার ঠিক আগমুহূর্তে হুথি বিদ্রোহীদের আকস্মিক হামলায় প্রাণ হারান তিনি বলে জানা গেছে।
মাওলানা নাসরুল্লাহ বদরের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়ি এবং কর্মস্থল মাদ্রাসার সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
