কালবেলা · আন্তর্জাতিক
সানায় সৌদি জোটের হামলার কয়েক ঘণ্টার মধ্যে আরামকোতে পাল্টা আঘাত
১৪/১০/২০২৬

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের রাজধানী সানায় একটি তেল স্থাপনা খালি করার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
বুধবার সকালে আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কাজ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে অবস্থানরত কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল হুতিরা। গোষ্ঠীটি এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করে।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারির এই সতর্কবার্তার পেছনে ছিল সৌদি নেতৃত্বাধীন জোটের একটি নির্দেশ। জোটটি হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল।
জোটের ওই নির্দেশের জবাবে সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় যেকোনো হামলার জবাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ প্রতিশোধ নেওয়া হবে।
এদিকে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় প্রতিহত করেছে সৌদি আরব। এসপিএর বরাত দিয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন। এ ছাড়া ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি আরবের তেল স্থাপনায় হামলা এবং ইয়েমেনে তেল অবকাঠামো ঘিরে পাল্টাপাল্টি হুমকির ঘটনায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সংঘাতের বিস্তার তেল সরবরাহ ও আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗