মো:তারিকুর রহমান জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে চার পিস স্বর্ণের বারসহ মোঃ সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর যাত্রী ছাউনি থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ সেলিম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদার পাড়ার মোঃ বাবর আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গয়েশপুর যাত্রী ছাউনিতে অভিযান চালায়। এ সময় স্বর্ণ বহনের সন্দেহে সেলিমকে আটক করা হয়।
পরে মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে সহকারী পরিচালক মোঃ মুন্সি ইমদাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তাঁর উপস্থিতিতে আটক ব্যক্তিকে তল্লাশি করে চার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের প্রাথমিক ওজন প্রায় ৫০০ দশমিক ৭৬ গ্রাম বলে জানা গেছে। এ ছাড়া একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
The post জীবননগর সীমান্তে বিজিবি’র অভিযান, ৪ পিস স্বর্ণের বারসহ আটক ১ appeared first on সকালের খবর ২৪.
