নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরহোগলা গ্রামে নিজ ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহত জহির ফকির কালাপাহাড়িয়া ইউনিয়নের খরিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে। কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, রাতে ২০/২৫ জন তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ভাগিনা ইসমাইল ও বিল্লাল হোসেনের অভিযোগ, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে এলাকার এক রাজনৈতিক নেতার সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এর আগেও কয়েকবার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরের উপর হামলা করে। সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যা সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
