চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, গানপাউডারসদৃশ ১১ দশমিক ৮ কেজি সাদা পাউডার, বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম ও দুটি হাসুয়া উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে।
আমবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেল, গানপাউডারসদৃশ সাদা পাউডার, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তবে ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি।
উদ্ধার করা এসব আলামত নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে অভিযানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
The post চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার appeared first on ভোরের চেতনা.
