কালবেলা · বিনোদন
তারা আমাকে টার্গেট করেছে, কিন্তু মিস হয়ে গেছে: আসিফ আকবর
২৪/১০/২০২৬

রাজধানীর মগবাজারে গভীর রাতে গুলির ঘটনা ঘিরে উদ্বেগের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তাঁর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, তাঁকে লক্ষ্য করেই হামলার চেষ্টা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এই গায়ক। তাঁর ভাষ্য, দুর্বৃত্তরা যে সময়টিতে গুলি চালিয়েছে, তখন তিনি অফিসে থাকলেও কিছুক্ষণ পরই নিচে নামার কথা ছিল। ফলে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাসায় ফেরেন আসিফ। এরপর ওষুধ খেয়ে বিশ্রামে যান তিনি। বিকেলে ঘুম থেকে উঠে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই সংগীতশিল্পী। নিজের শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, সুস্থ আছেন, শঙ্কার কোনো কারণ নেই। পাশাপাশি পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও জানান তিনি।
ঘটনার সময় নিজের অবস্থান সম্পর্কে আসিফ বলেন, ‘যখন ঘটনাটা ঘটে আমি অফিসে ছিলাম। তখন সিসিটিভিতে দেখছিলাম, শুধু গুলির শব্দটা পাইনি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সেসময় আমার গাড়িতে কেউই ছিল না।’
কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কাউকে সন্দেহ করতে পারছেন না বলে জানান আসিফ। তবে তাঁর ধারণা, দুর্বৃত্তরা তাঁর দৈনন্দিন চলাফেরার সময় সম্পর্কে অবগত ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই। রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে।’
ঘটনার সময় অফিসে স্বাভাবিক কাজকর্মের মধ্যেই ছিলেন এই গায়ক। ছেলের সঙ্গে কথা বলার কারণে কিছুটা বেশি সময় সেখানে অবস্থান করছিলেন। সেই সময় সিসিটিভি ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হাঁটতে দেখেছিলেন বলেও জানান তিনি। আসিফের ভাষ্য, ‘আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরো কিছুক্ষণ ছিলাম। আমি তখন সিসিটিভি ক্যামেরাতে দেখছিলাম, ওই সময় ঠিক আমার মতো একজন হেঁটে যাচ্ছিল, তারা হয়তো আমি ভেবে গুলিটা করে দিয়েছে।’
এদিকে ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচের পার্কিং এলাকায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
তবে হামলাকারীর পরিচয়, ঘটনার উদ্দেশ্য কিংবা এর পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসিফ আকবরকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। পুরো ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
মূল প্রতিবেদনে যান ↗