স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এসএমপির চারটি দল অংশ নেয়। দলগুলো হলো-সদর বিভাগ, ট্রাফিক-সিটিএসবি-ডিবি ও প্রসিকিউশনের সমন্বয়ে গঠিত যৌথ দল, ক্রাইম বিভাগ (উত্তর/দক্ষিণ) এবং পিওএম বিভাগ। উদ্বোধনী খেলায় সদর বিভাগের খেলোয়াড় হিসেবে অংশ নেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম নিজেও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
রোববার (২৪ অক্টোবর) বিকেলে পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে ক্রাইম বিভাগ (উত্তর/দক্ষিণ) এবং ট্রাফিক, সিটিএসবি, প্রসিকিউশন ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ দল।
