দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়েছে বিজয়া পর্ব। বাঙালিদের কাছে মিষ্টি ছাড়া বিজয়া এককথায় অসম্পূর্ণ । তাই সারা বছর হোক কিংবা উৎসবের দিনে যদি বাড়িতেই খুব অল্প উপকরণে পছন্দের মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে খাওয়াদাওয়ার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়।
তাই উৎসব হোক কিংবা বাড়িতে অতিথি আপ্যায়ন, মিষ্টি ছাড়া সবটাই কেমন যেন ফিকে মনে হয়। আর বাঙালি বাড়িতে প্রিয় মিষ্টির তালিকায় পান্তুয়ার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। একেবারে ঘরোয়া পদ্ধতিতে, অল্প উপকরণে বানিয়ে নিন দোকানের মতো পান্তুয়া। সবচেয়ে মজার বিষয় হল এই পান্তুয়া তৈরিতে প্রধান উপকরণ হিসেবে থাকছে পাউরুটি। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি।
পাউরুটির পান্তুয়া তৈরির উপকরণ
১০-১২টি সাদা পাউরুটির স্লাইস, ১/২ কাপ দুধ, পান্তুয়া ভাজার জন্য ঘি, ২ কাপ চিনি, ১.৫ কাপ জল, ৩-৪টি ছোট এলাচ, ৫-৭টি জাফরান, লেবুর রস।
পান্তুয়া তৈরির পদ্ধতি
প্রথমে, চিনির সিরাপ তৈরি করার জন্য একটি পাত্রে চিনি ও জল নিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। চিনি গলে গেলে এলাচ গুঁড়ো ও জাফরান মিশিয়ে দিন। চিনির রস আঠালো না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। এরপর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঢেকে রাখুন।
এবার পাউরুটির পাশে থাকা বাদামি অংশগুলো ছুরি দিয়ে সমানভাবে কেটে বাদ দিন। পাউরুটির সাদা অংশগুলি ছোট টুকরো করে মিক্সারে গুঁড়ো করে নিন।
এরপর অল্প অল্প করে দুধ মিশিয়ে পাউরুটির গুঁড়ো দিয়ে একটা নরম মণ্ড তৈরি করে নিন। মণ্ড থেকে মসৃণ ভাবে পান্তুয়ার মতো গোলাকার বল বানিয়ে নিন।
https://youtu.be/TTaC77AoBTQ?si=2j8vcRTQg0wR1UG0
এরপর কড়াইয়ে ঘি গরম করে আঁচে পান্তুয়াগুলি ভাজতে থাকুন। পান্তুয়াগুলোর রং সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
ভাজা হয়ে গেলে পান্তুয়াগুলো অন্তত ২-৩ ঘণ্টা হালকা গরম চিনির রসে ডুবিয়ে রাখুন।
এবার আপনিও একইভাবে পাউরুটি দিয়ে বাড়িতেই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের পান্তুয়া।
