খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী-১ রেজাউল ইসলামকে দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ অক্টোবর) খুলনা ওয়াসা ভবনে তাঁর নিজ কক্ষে অনুসন্ধান চালিয়ে প্রকল্পসংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেছেন দুদক কর্মকর্তারা।
দুদক ও ওয়াসা সূত্রে জানা গেছে, খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) প্রকল্প পরিচালকের পদ পেতে পদস্থ প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার খালি চেক প্রদানসহ অনৈতিক লেনদেনের একটি অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত পরিচালনা করা হচ্ছে। ২০২৫ সালে এই অনিয়মের অভিযোগ ওঠার পর তাঁকে উক্ত প্রকল্পের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
এ ছাড়া, ওয়াসার গ্রাহকদের জন্য পাঁচ হাজার গৃহসংযোগে পাইপ ও ফিটিংস স্থাপনের কাজে একই কাজের বিপরীতে দ্বিতীয়বার বিল জমার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই অনিয়মের কারণে গত ২৭ সেপ্টেম্বর ওয়াসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল জানান, নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামকে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি বর্তমানে দুদকের তদন্তাধীন রয়েছে।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী রেজাউল ইসলাম। তিনি দাবি করেন, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ওয়াসার শোকজ নোটিশের লিখিত জবাবও তিনি যথাসময়ে প্রদান করবেন।
