তজুমদ্দিন প্রতিনিধি ॥
তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে “ঘর থেকেই শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যে র্যালী, মহড়া ও আলোচনা সভার মাধ্যমে ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে র্যালী ও মহড়া পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারসহ দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় করণীয় এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। বিশেষ করে উপকূলীয় উপজেলা তজুমদ্দিনে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি রয়েছে। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সতর্কবার্তা অনুসরণ এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান।
দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি ও কার্যকর ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
