অবসরের এক দশকেরও বেশি সময় পর আবারও ফুটবল বুট জোড়া পায়ে দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলের মহাতারকা রোনালদিনহো। আগামী মাসে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে।
গত জুনে সবাইকে অবাক করে দিয়ে সিরি সি’র দল রাভেনার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন ৪৬ বছর বয়সী এই তারকা। তবে চুক্তি করার পর থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাভেনা ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলা রোনালদিনহো আগামী ১৫ নভেম্বর ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচে নামবেন।
এক বিবৃতিতে রাভেনা জানায়, এটি এমন একটি ইভেন্ট হতে যাচ্ছে যা পুরো বিশ্বের নজর স্টেডিও ব্রুনো বেনেলির দিকে ঘুরিয়ে দেবে।
ক্লাবটি আরও যোগ করে, ফুটবল বিশ্বের সবাই এটাকে গুজব বলে মনে করেছিল। তবে এখন আমরা আনুষ্ঠানিকভাবে একটি দুর্দান্ত প্রত্যাবর্তনের ঘোষণা দিতে পারি। সেই জাদু, সেই হাসি এবং এমন এক প্রতিভার প্রত্যাবর্তন- যা দলীয় আনুগত্য বা ফুটবলের ভেদাভেদ ভুলে বহু প্রজন্মের ভক্তদের মুগ্ধ করেছে।
বিখ্যাত রেস্তোরাঁ ব্র্যান্ড 'সিপ্রিয়ানি'র মালিক ইগনাজিও সিপ্রিয়ানি পরিচালনা করছেন রাভেনা ক্লাবটি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ক্যারিয়ারের শেষ গোলটি যেন এই দলের হয়েই করেন। এমনটাই নিজের স্বপ্ন বলে জানিয়েছিলেন সিপ্রিয়ানি।
মৌসুম শুরু হওয়ার ঠিক আগে আগস্ট মাসে সমুদ্রসৈকতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনহোকে উপস্থাপন করা হয়েছিল।
রাভেনা জানায়, মিয়ামিতে সেই ঘোষণা থেকে শুরু করে মেরিনা দি রাভেনার সৈকতে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা- সব মিলিয়ে উত্তেজনা, কৌতূহল ও বিস্ময়ের মিশেলে প্রতীক্ষার পারদ শুধুই চড়েছে।
ইতালিতে এটি রোনালদিনহোর দ্বিতীয় ইনিংস। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেছিলেন তিনি। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় এবং ২০০৫ সালে ব্যালনে ডি'অরজয়ী এই তারকার ট্রফিতে মোড়ানো ক্যারিয়ারে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং বার্সেলোনাতেও খেলার উজ্জ্বল ইতিহাস রয়েছে।
