স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর তিনি ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরদিন সেই ঘর থেকেই উদ্ধার করা হলো ২৫ বছর বয়সী মাছ ব্যবসায়ী মো. হাসানের ঝুলন্ত মরদেহ।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাসান পাশের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী এলাকার মো. সেলিমের ছেলে। তিনি গত পাঁচ মাস ধরে পরিবার নিয়ে ওই বাসায় থাকতেন।
প্রাথমিকভাবে পারিবারিক মনোমালিন্যের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে তিনি বাসা থেকে চলে যান। এরপর হাসান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। রবিবার বিকেলে বাসার মালিক বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
The post স্ত্রী চলে যাওয়ার পর বন্ধ ঘরে মিলল মাছ ব্যবসায়ীর মরদেহ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
