নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ রোববার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি নিশ্চিত করেন, ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বাকি ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় মালিকবিহীন অবস্থায়।
বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসলাম (২৫) ও মো. মোজিবুল্লাহকে (২৩) আটক করা হয়।
এরপর রোববার ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মালিকবিহীন ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
অভিযান প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

