কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম (৫০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন। গতকাল বুধবার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুত্তাকীন আলম শোভন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকায় তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে সুস্থ ভেবে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়িতে আসার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।
পুলিশ আরও জানায়, গত মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে পুনরায় তাদের হেফাজতে নিতে বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরে ছুরি দিয়ে তার মা পারুল বেগমের ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা সরদার আলীকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। পরে সুযোগ বুঝে ঘটনাস্থ থেকে পালিয়ে যান অভিযুক্ত শোভন। হত্যাকা-ের পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসি কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওসি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।