ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহীন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তরে কুমারপাড়া রেলক্রসিং সংলগ্ন রেললাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ফয়েজ ব্যাপারির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনটি এলাকা অতিক্রম করার সময় শাহীন হঠাৎ রেললাইনে শুয়ে পড়েন। ট্রেনের চালক ক্রমাগত হর্ন বাজিয়ে তাঁকে সতর্ক করলেও তিনি লাইন থেকে সরে যাননি। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রেনটি নিকটবর্তী হতেই তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।
ঘটনার পরপরই আখাউড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কেবিন স্টেশন মাস্টার মুনতাসির মামুন মানিক লিখিত বার্তার মাধ্যমে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুদ্দুস হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কী কারণে তিনি আত্মহত্যার মতো চরম পথ বেছে নিলেন, সে বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেএইচআর
