
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। এর বাইরে আর কোনো কথা নেই। দলমতের ভিন্নতা থাকতেই পারে। পছন্দ-অপছন্দ আলাদা হলেও দিনশেষে আমরা সবাই একই জায়গায় আছি। কোনো কিছু অপছন্দ হলে সরাসরি আমাকে বলবেন, আমি তা গুরুত্বসহকারে দেখব।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এদিন জাফারগঞ্জ, ফাতেহাবাদ, সুবিল, ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এর মধ্যে ইউসুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের প্রকাশ দাসের বাড়ির পূজামণ্ডপে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা সবাই মিলে যেন আমাদের এলাকাটাকে সুন্দর করতে পারি, সে জন্য কাজ করতে হবে। আপনারা যারা সমাজের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, তাঁরা সুন্দরভাবে সমাজ পরিচালনা করবেন।
তিনি আরও বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, দেশে যেন সব সময় শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মুগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম, দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মো. ইসমাইল হোসেন শান্ত, ইউসুফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এনসিপির সভাপতি মো. জুলহাস মেম্বার, ইউনিয়ন যুবশক্তির আহ্বায়ক আসিফ চৌধুরীসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের এনসিপির নেতাকর্মীরা।
ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি
