চাঁদাবাজির মামলায় চার সাংবাদিক আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এরা হলেন-দৈনিক ঢাকার সময়ের অপরাধ বিষয়ক সাংবাদিক সাজ্জাত হোসেন, রাজধানী টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি সাকিবুল ইসলাম সাকিব, এশিয়ান টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহাগ এবং ওয়াহিদুজ্জামান মোল্লা।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে জামিনের এই আদেশ দিয়েছেন।
এদিন ওই আদালতে তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন । আসামিদের পক্ষে আইনজীবী শেখ আছিবুর রহমান আসিফ জামিন চেয়ে শুনানি করেন। গত ১১ অক্টোবর একই আদালতে আয়শা আক্তার নামে এক নারী এই মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়— গত ১ জুন আয়শা আক্তার ঢাকার শাহবাগ থেকে ফরিদপুরের নগরকান্দায় গ্রামের বাড়িতে যান। আসামিরা ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন ধরণের ভয়-ভীতি ও হুমকি দেন। আয়শা আক্তার ঢাকায় চলে আসলে ৬ অক্টোবর ফোন করে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় মানহানিকর নিউজ করে মর্মে অভিযোগ করা হয়।
