চার জাতি বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। রোববার ঢাকায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এশিয়া জোন–২ এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩–২০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে নেপাল কিছুটা প্রতিরোধ গড়লেও স্বাগতিকদের আক্রমণ সামলাতে পারেনি। বিরতিতে ১৩–৯ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে শেষ পর্যন্ত ১৩ গোলের জয় নিশ্চিত করে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল।
বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান আলপনা আক্তারের। একাই ৭ গোল করে ম্যাচসেরা হয়েছেন তিনি। এ ছাড়া মিষ্টি খাতুন ও শ্যামলী মিং ৬টি করে গোল করেন। অধিনায়ক ইসমেতারা নিশির অবদান ৫ গোল। সায়মা জান্নাত সীমা করেন ৪ গোল, আর মাসুদা আক্তারের গোল ২টি। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা একটি করে গোল করেন।
চার দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। উদ্বোধনী ম্যাচে বড় জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে, পাশাপাশি ফাইনালে ওঠার লড়াইয়েও এগিয়ে রাখবে দলকে। ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর এই জয় স্বাগতিকদের জন্য বাড়তি তৃপ্তিরও। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
