প্রতীকী ছবি।ছবি সৌজন্যে: X
Published on
:
1 min read
ভারত-আমেরিকার জ্বালানি বাণিজ্য আরও বাড়াতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের জামনগর তেল শোধনাগারকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে ওয়াশিংটন। বুধবার গুজরাতের জামনগরে রিলায়েন্সের বিশাল শিল্পাঞ্চল পরিদর্শন করেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। তাঁর সফরের মূল লক্ষ্য ছিল জ্বালানি ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা।
রুবিওর সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি-সহ আম্বানি পরিবারের সদস্যরা তাঁদের স্বাগত জানান। বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার হিসেবে পরিচিত জামনগর কমপ্লেক্সে দৈনিক প্রায় ১৪ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে। ডিজ়েল-সহ বিভিন্ন পরিশোধিত জ্বালানি আন্তর্জাতিক বাজারে সরবরাহেও এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সফরের আগে ভারতকে অপরিশোধিত তেল পরিশোধনের ক্ষেত্রে ‘সুপারপাওয়ার’ বলে উল্লেখ করেছিলেন রুবিও। ভেনেজ়ুয়েলার তেল আরও বেশি পরিমাণে ভারতে পরিশোধনের পক্ষে সওয়াল করেন তিনি। ভারী ও বেশি সালফারযুক্ত ভেনেজ়ুয়েলার অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের উপযোগী পরিকাঠামো রয়েছে জামনগরে। রিলায়েন্সের সঙ্গে পশ্চিম গোলার্ধের জ্বালানি পরিশোধন নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় আমেরিকা।
মার্কিন রাষ্ট্রদূত গোর জানিয়েছেন, গত এক বছরে ভারতের মোট এলপিজি আমদানিতে আমেরিকার অংশ ১০ শতাংশেরও কম থেকে বেড়ে ৬৭ শতাংশ হয়েছে। আমেরিকার টেক্সাসে রিলায়েন্সের প্রস্তাবিত নতুন তেল শোধনাগার প্রকল্পও দুই দেশের সহযোগিতার আরেকটি ক্ষেত্র। প্রকল্পটি চালু হলে প্রায় পাঁচ দশক পর আমেরিকায় নতুন বড় তেল শোধনাগার তৈরি হবে।
জামনগরে রুবিও রিলায়েন্সের বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্র ভান্তারা এবং সংস্থার নতুন জ্বালানি উৎপাদনকেন্দ্রও ঘুরে দেখেন। সেখানে সৌরশক্তি, ব্যাটারি সংরক্ষণ ও অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
