আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো-- দুজনই নিজেদের সময় তো বটেই ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা তারকা। গত দুই দশকেরও বেশি সময় ধরে তাদের শ্রেষ্ঠত্বের লড়াই সব রোমাঞ্চ ছাড়িয়ে গেছে। খেলোয়াড়ি জীবনের একেবারে গোধূলিলগ্নে এসেও তাদের গোল করার তাড়না কমেনি। বরং যেন সেটি আরও বেড়েছে।
দুজন এখন দুই ভিন্ন মহাদেশে—একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন সৌদি আরবে। তবে শত শত মাইল দূরে থেকেও অলক্ষ্যে দুজনেই মেতেছেন এক ঐতিহাসিক লড়াইয়ে। লক্ষ্য একটাই—ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অফিশিয়াল এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা!
সম্প্রতি এমএলএসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ৩-১ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করেছেন মেসি। এর মাধ্যমে ক্যারিয়ারে তার মোট অফিশিয়াল গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯৩৬-এ। অন্যদিকে, ৯৮১ গোল নিয়ে এক হাজার গোলের চুড়ায় পৌঁছানোর দৌড়ে এখনো ৪৫ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
হিসেবটা খুবই পরিষ্কার—পর্তুগিজ মহাতারকা রোনালদোর এক হাজার গোলের ম্যাজিক ফিগার ছুঁতে প্রয়োজন আর মাত্র ১৯টি গোল। আর আর্জেন্টাইন জাদুকর মেসির প্রয়োজন আরও ৬৪টি গোল। আপাতদৃষ্টিতে আল নাসর তারকার দিকে পাল্লা ভারী মনে হলেও, চলতি বছরে মেসির দুর্দান্ত গোল করার ছন্দ এই দৌড়কে উন্মুক্ত করে দিয়েছে।
রোনালদোর সঙ্গে দ্রুত ব্যবধান কমাচ্ছেন মেসি
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দলের হয়ে জয়ে ভূমিকা রাখেন মেসি। প্রথমার্ধে জার্মানি বারতেরামের গোলে মায়ামি এগিয়ে যাওয়ার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন কাপ্তান।
এই জোড়া গোলের ওপর ভর করে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা এখন ২৫টি। তবে রোনালদোর সঙ্গে এই লড়াই জমজমাট হওয়ার আসল কারণ ২০২৬ পঞ্জিকাবর্ষে মেসির গোল করার দুর্দান্ত গতি।
পরিসংখ্যান বলছে, চলতি ক্যালেন্ডার বর্ষে ক্লাব ও দেশের হয়ে মেসির গোলসংখ্যা এখন ৪০টি। যেখানে রোনালদোর গোল মাত্র ২৪টি। অর্থাৎ সার্বিক ক্যারিয়ারে পিছিয়ে থাকলেও এই নির্দিষ্ট মেয়াদে সিআর সেভেনের চেয়ে ১৬ গোলে এগিয়ে রয়েছেন মেসি।
একটি জায়গায় এগিয়ে রোনালদো
তবে মেসির চেয়ে একটা জায়গায় এখনো এগিয়ে রোনালদো। সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন মেসি। ফলে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে মেসির এখন একমাত্র ভরসা ক্লাব ফুটবল। অর্থাৎ শুধু ইন্টার মায়ামির জার্সিতে খেলেই হাজার গোলের মাইলফলকের দিকে এগিয়ে যেতে হবে মেসি।
অন্যদিকে, এখনো জাতীয় দলকে বিদায় জানাননি রোনালদো। যদিও কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে জাতীয় দলের তার ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয় আছে। তবুও সেটি মিটে গেলে জাতীয় এবং ক্লাবের হয়ে গোল করে দ্রুত হাজার গোলের মাইলফলকের দিকে ছুটে যাবেন রোনালদো।
হাজার গোলের অনন্য লড়াই
৩৯ বছর বয়সে এসেও যেভাবে একের পর এক গোল করে যাচ্ছেন মেসি, তাতে হাজার গোলের এই প্রতিযোগিতা শেষ মুহূর্ত পর্যন্ত যে নাটকীয় থাকবে—তা বলা বাহুল্য। রোনালদো মাইলফলকটির সবচেয়ে কাছাকাছি থাকলেও মেসির চেনা গোলক্ষুধা এই লড়াইকে এখনই শেষ বলে ধরে নিতে দিচ্ছে না।
