পদ্মা নদীতে নাব্য সংকটে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।
সহকারী ব্যবস্থাপক জানান, নৌপথটি ড্রেজিং করে নাব্য ফিরিয়ে না আনা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে কবে নাগাদ ফের ফেরি চলাচল শুরু হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ নৌপথ ব্যবহারকারী যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। ঘাটে এসে ফেরি না পেয়ে অনেক যানবাহনকে ফিরে যেতে দেখা গেছে। অন্যদিকে, জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রলার ও স্পিডবোটে পদ্মা নদী পার হতে হচ্ছে। এতে তীব্র স্রোতের মধ্যে পারাপার নিয়ে ঝুঁকিও তৈরি হচ্ছে।
এর আগে ছয় দিন বন্ধ থাকার পর গতকাল রোববার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছিল। কিন্তু এক দিনের ব্যবধানেই আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে গেল।
এর আগেও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর গত ২২ সেপ্টেম্বর এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়। তবে কয়েক দিনের ব্যবধানে আবারও নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় পারাপার নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ নৌপথের নাব্য সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা ড্রেজিং ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে।
