Home / চাঁদপুর / সকলের সহযোগিতায় চাঁদপুরেও এগিয়ে যাবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম: ডিসি
সকলের সহযোগিতায় চাঁদপুরেও এগিয়ে যাবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম: ডিসি
in চাঁদপুর
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বেলা ২টায় ওই সংবাদ সম্মেলনের অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
কনফারেন্সে সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্য শেষে ফ্যামিলি কার্ড এর চাঁদপুর জেলার কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
তিনি বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুরে যখন এসেছেন, তখন রাজরাজেশ্বর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড দিয়ে চাঁদপুরের ফ্যামিলিকার্ড কার্যক্রম উদ্বোধন করেন। তিনি নিজ হাতে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের হাতে তুলেদেন। চাঁদপুরে যারা কাজ করছেন তারা প্রশিক্ষণ নিয়েছেন। এখন জেলার প্রত্যেক উপজেলায় তিনটি ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে। সকলের সহযোগিতায় আমরা এই কাজটি এগিয়ে নিয়ে যাব।
কাজের বর্তমান বিবরণ তুলে ধরেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার করে এই তথ্য সংগ্রহের কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে। সফটওয়ারের মাধ্যমে স্কোর নির্নয় করবে কোন পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এই তথ্য সংগ্রহের জন্য সকল পরিবারের বাড়িতে যাবে তথ্য সংগ্রহকারীরা।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন, সরকারি শিশু পরিবারের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, সদর সমাজ সেবা কর্মকর্তা মাহবুব আলম, শহর সমাজসেবা কর্মকর্তা আশিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহের নির্বাচিত এলাকা হচ্ছে-চাঁদপুর শহরের ১, ২ ও ৭নম্বর ওয়ার্ড। সদর উপজেলার আশিকাটি, লক্ষ্মীপুর মডেল ও শাহমাহমুদপুর ইউনিয়ন। হাইমচর উপজেলার নীলকমল, গাজীপুর ও চরভৈরবী ইউনিয়ন। হাজীগঞ্জ উপজেলার বড়কূল পূর্ব, হাটিলা পূর্ব ও কালচোঁ দক্ষিণ ইউনিয়ন। শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ, চিতষী পূর্ব ও রায়শ্রী উত্তর ইউনিয়ন। কুচয়া উপজেলার গোহট দক্ষিণ, সাচার ও গোহট উত্তর ইউনিয়ন। মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর, খাদেরগাঁও ও উপাদি দক্ষিণ ইউনিয়ন। মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম ও গজরা ইউনিয়ন। ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম, গোবিন্দপুর দক্ষিণ ও রূপসা দক্ষিণ ইউনিয়ন। স্ব স্ব উপজেলার সমাজ সেবা কার্যালয় এই তথ্য সংগ্রহের কার্যক্রম বাস্তবায়ন করবে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১২ অক্টোবর ২০২৬
